climate · Amar Bangla BD

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

Amar Bangla BD0 views
এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা ও দেশের আরও ১৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমে আসতে পারে। চলতি মাসে এর আগে দুই দফায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বিবেচনা করা হয়। রাজধানীর বাইরে তাপপ্রবাহের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৬, ফরিদপুরে ৩৭, গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, কিশোরগঞ্জের নিকলীতে ৩৬, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৬ দশমিক ৪ এবং নেত্রকোনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সিলেটে সিলেটে ৩৬ দশমিক ১, টাঙ্গাইলে ৩৬ দশমিক ৮, শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৫, খুলনায় ৩৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬, যশোরে ৩৬ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৩৭, চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ এবং ফেনীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। পরদিন তা কমে ১১ জেলায় নেমে আসে। দুই দিনের বিরতির পর শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। তবে রোববার বৃষ্টিপাত বাড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি কিছুটা প্রশমিত হয়। এক দিন পর সোমবার আবার বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ দেখা দিয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মঙ্গলবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি কমে আসতে পারে। এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া এই লঘুচাপটি পরবর্তী সময়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে অধিদপ্তরের সূত্র জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিস্টেমটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। আমার বাঙলা/রাজীব
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন